ফুটপাতে পায়ে চলার পথ হকার ও ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সৌন্দর্যহানি ঘটছে। আর ফুটপাত বেদখল হওয়ায় স্বাভাবিকভাবে চলাচলে অসুবিধা হচ্ছে পথচারীদের। রাস্তা ও ফুটপাত বেদখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ এবং যত্রতত্র বাজার বসানোর অভিযোগে ফুটপাতের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে পর্যটকসহ স্থানীয়দের ভোগান্তি নিরসনে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এর নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক থেকে অভিযান পরিচালনা করে ফুটপাতের ওপর থেকে দোকান ও হকার উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে জহিরুল ইসলাম বলেন, পর্যটন নগরী হিসেবে খ্যাত শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য ধরে রাখতে ফুটপাতের ওপর থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। যাদের বার বার সতর্ক করার পরও ফুটপাতের ওপর দোকান খুলে বসেন তাদেরকে আগামীতে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাঈল উদ্দিন স্যার পৌরসভার সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। তন্মধ্যে শহরের বিভিন্ন পয়েন্টে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখা হয়েছে।
জনসাধারণের চলাচলের রাস্তা ফুটপাত হকার মুক্ত ও অবৈধ পাকিং বন্ধ করতে শ্রীমঙ্গলবাসীর সহযোগিতা কামনা করছে শ্রীমঙ্গল প্রশাসন।
সম্পাদক: আহমদুল হক | নির্বাহী সম্পাদক : শামসুদ্দীন | বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ
হেড অফিস: নুসাইবা মিডিয়া,খোয়াই মুখ, হবিগঞ্জ | ফোন : +880 1711-902481 ই-মেইল: info@qawmi24.com
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ কওমী টুয়েন্টিফোর ডটকম