
‘হঠাৎ উধাও সয়াবিন তেল নেপথ্যে কী?’ মানবজমিন পত্রিকার প্রধান শিরোনামের এ খবরে বলা হয়েছে, ঢাকার বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। প্রায় উধাও হয়ে গেছে। আর পাওয়া গেলেও বিভিন্ন শর্তসহ বেশি দাম রাখা হচ্ছে।
বিভিন্ন ব্র্যান্ডের এক থেকে দুই লিটারের বোতল-জাত সয়াবিন তেল বাজারে নেই বললেই চলে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এছাড়া সামনে রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে বলে একাধিক অভিযোগ পাওয়ার কথা তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।
ক্রেতারা অভিযোগ করেছেন, আসন্ন রমজান মাসকে সামনে রেখে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পাঁয়তারা করছেন ব্যবসায়ীরা।
ফলে ব্যবসায়ীদের কারসাজির কারণে তেল নিয়ে সরকারের আমদানি শুল্ক ছাড় কোনও কাজেই আসছে না । এতে প্রতিদিনই ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ-হীন হয়ে উঠছে।
সরকার ভোজ্য-তেল আমদানিতে মূল্য সংযোজন কর ১০ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করেছে। এতে করে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক ও দাম কমার কথা থাকলেও সেই চিত্র কোথাও নেই।